কার্ডে বিদেশি মুদ্রার আয়ের ১৫ শতাংশ রাখা যাবে এফসি হিসাবে

এ ছাড়া গ্রাহক সম্পর্কে তথ্য যাচাই (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে পাওয়া আয়ের সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা হিসেবে সংরক্ষণ করতে পারবেন ব্যবসায়ীরা। বাকি ৮৫ শতাংশ অর্থ টাকায় নগদায়ন করতে হবে। 

রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে এ নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অনুমোদিত অন্যান্য অর্থ পরিশোধব্যবস্থার মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওয়া অর্থের সর্বোচ্চ ১৫ শতাংশ হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাবে রাখা যাবে।

নির্দেশনা অনুযায়ী, এভাবে সংরক্ষিত বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক কার্ডের বিল পরিশোধসহ বৈধ চলতি হিসাবের বৈদেশিক মুদ্রার দায় মেটাতে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

নির্দেশনায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রাপ্য অর্থ থেকে প্রযোজ্য কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) কেটে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত অন্যান্য অর্থ পরিশোধের মাধ্যম গ্রহণের ব্যবস্থা রেখেছে কি না, তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া গ্রাহক সম্পর্কে তথ্য যাচাই (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধিবিধান অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত