এবছর সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র টয় স্টোরি ৫

পিক্সারের অ্যানিমেটেড চলচ্চিত্রটি শুধু বিশ্বব্যাপী আয়ে ১ বিলিয়ন ডলারের গণ্ডিই অতিক্রম করেনি বরং ২০২৬ সালের বক্স অফিস আয়েও এক নম্বর স্থানটি নিশ্চিত করেছে।

টয় স্টোরি ৫ উত্তর আমেরিকায় ৪৪৮ মিলিয়ন ডলার ও আন্তর্জাতিকভাবে ৫৭৩ মিলিয়ন ডলার আয় করেছে। যার ফলে এর মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০২২ বিলিয়ন ডলারে। এই বছর দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি ১.০০১ বিলিয়ন ডলার ও মাইকেল ১.০০১ বিলিয়ন ডলারের পর এটি তৃতীয় চলচ্চিত্র যা এই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছেছে।

আগামী দিনগুলোতে, টয় স্টোরি ৫ এই ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হবে। যা ২০১৯ সালের টয় স্টোরি ৪-কে (১.০৭ বিলিয়ন ডলার) ছাড়িয়ে যাবে। এর ফলে এটি পিক্সারের টয় স্টোরি সিরিজের তৃতীয় চলচ্চিত্র হবে যা ১ বিলিয়ন ডলারের বেশি আয় করবে। যা কয়েক দশক ধরে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী আবেদনকে প্রমাণ করে।

পিক্সারের প্রবীণ পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটনের পরিচালনায় নির্মিত ‘টয় স্টোরি ৫’এর গল্পে দেখা যায়, উডি (টম হ্যাঙ্কস), বাজ লাইটইয়ার (টিম অ্যালেন), জেসি (জোয়ান কুস্যাক) এবং তাদের কথা বলা খেলনাগুলো তাদের মালিক বনিকে নিয়ে তার নতুন প্রিয় খেলনা লিলিপ্যাড নামের একটি স্মার্ট ট্যাবলেটের প্রতি মুগ্ধ হয়ে পড়ে। জুনের মাঝামাঝি মুক্তি পেয়ে ছবিটি ১৬০ মিলিয়ন ডলার আয় করে, যা ছিল বছরের সবচেয়ে বড় ওপেনিং এবং ফ্র্যাঞ্চাইজিটির সেরা সূচনা। ইতিবাচক রিভিউ, দর্শকদের মুখে মুখে ব্যাপক প্রশংসা এবং ৩১ বছরের পুরনো এই ফ্র্যাঞ্চাইজিটির প্রতি সাধারণ মানুষের ভালোবাসার কারণে, গ্রীষ্মকাল জুড়ে ‘টয় স্টোরি ৫’ পারিবারিক দর্শকদের কাছে একটি শীর্ষ পছন্দের ছবিতে পরিণত হয়। সুপারস্টার টেলর সুইফট ছবিটির জন্য ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ নামে একটি নতুন গান লেখার বিষয়টিও এর সাফল্যে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে।

টয় স্টোরি চলচ্চিত্রগুলোতে উডি চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস। ছবি: এপি

টয় স্টোরি ৫- এর অসাধারণ সাফল্যের পাশাপাশি দ্য ওডিসি-র দিকেও সবার নজর রয়েছে। পরিচালক ক্রিস্টোফার নোলানের এই ব্লকবাস্টারটি বক্স অফিসে তার দুর্দান্ত সাফল্য অব্যাহত রেখেছে এবং মুক্তির দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার ৩ হাজার ৯৪৩টি প্রেক্ষাগৃহ থেকে ৮৭ মিলিয়ন ডলার আয় করেছে। বর্তমানে, হোমারের মহাকাব্যের এই চলচ্চিত্র রূপান্তরটি, যেখানে গ্রিক রাজা ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন, উত্তর আমেরিকায় ২৮৬.৪ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ৬৩৯.৬ মিলিয়ন ডলার আয় করেছে।