পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই ) সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গীতা রানী উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাকে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে দেয়।
আজ সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে ১১টার দিকে টয়লেটের ট্যাংকিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা কেন কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।