বগুড়ায় পৃথক অভিযানে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার সোনাতলা ও শিবগঞ্জ (নবগঠিত মোকামতলা উপজেলায়) পৃথক অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাতলায় বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যরাতে ও নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা বাজার এলাকায় বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান ঠান্ডু (৪০) ও  শিবগঞ্জ উপজেলার মোকামতলার লক্ষীপুর এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল (৫২)।

সোনাতলা থানা পুলিশ জানা যায়, বৃহস্পতিবার সোনাতলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রাত পৌনে ২টার দিকে ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারপিট মামলার আসামি যুবলীগ নেতা মনিরুজ্জামান ঠান্ডুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে একই দিনে আদালতে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন।

অপরদিকে একাধিক রাজনৈতিক মামলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার দুপুরে মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ফারুক মণ্ডলকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তার ফারুক মন্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।