কক্সবাজারের টেকনাফে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে একটি পার্সেলের ভেতর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে পলাতক আসামি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে যৌথ অভিযান চালায় বিজিবি ও থানা পুলিশ। অভিযানের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি পার্সেল তল্লাশি করে এর ভেতর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরে পণ্যটি সঠিক নয় উল্লেখ করে সেটি পুনরায় ফেরত পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়। কুরিয়ার প্রতিষ্ঠানের তথ্যভান্ডার পর্যালোচনা করে পার্সেলটি বহনকারী এক রাইডারের পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. জামালকে পলাতক আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এর আগেও বিভিন্ন সময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা হয়েছে। এমন ঘটনায় বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং জড়িতদের আটক করেছে।
এদিকে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।