কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীতে অভিযান চালিয়ে দুই মাদক চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন অধীন উপজেলার সাবরাং ইউনিয়নে বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জুস মোহাম্মদ (৩০) ও মোহাম্মদ ইলিয়াস (৩৭)। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। রাত ৩টার দিকে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশরত একটি নৌকা শনাক্ত করা হয়। বিজিবি ধাওয়া করলে নৌকায় থাকা চোরাচালানকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়ায় দুইজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন অন্ধকারে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, আটক দুই আসামি ও জব্দ ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।