তিন সহযোগীসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কারাগারে

চট্টগ্রামে হত্যা ও অস্ত্র আইনের তিনটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হিমার আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, ‘আদালতের নির্দেশে ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং দুটি অস্ত্র মামলা। এছাড়া ইমনের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও তিনজনকেও কারাগারে পাঠানো হয়েছে।’

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈয়শাতুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শামীম (২৮), ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাবাগ পোস্তাগোলা এলাকার মো. জাফরের ছেলে আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫) এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাহারপাড় এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সাফায়েত হোসেন (২৪)।

সিএমপির উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ‘বায়েজিদ বোস্তামী থানাসহ নগরের বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন এখনো আদালতে উপস্থাপন করা হয়নি। আগামী সোমবার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করবেন। এরপর আদালতের আদেশ অনুযায়ী ওই মামলাগুলোর আইনি কার্যক্রম পরিচালিত হবে।’

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশের ভাষ্য, ডেভিড ইমনের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে।