বিশ্বকাপ বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ এশিয়ান ফুটবল, তোপের মুখে ফিফা

বিশ্বকাপের মতো মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের বিতর্কিত প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই ধরণের বড় সিদ্ধান্তে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি এবং কোনো আনুষ্ঠানিক আলোচনার সুযোগ না দিয়েই বিষয়টি প্রকাশ্যে আনায় তারা গভীরভাবে হতাশ।

এএফসি জোর দিয়ে বলেছে, বৈশ্বিক ফুটবলের ভবিষ্যৎ পুনর্গঠনে যেকোনো বড় পদক্ষেপের ভিত্তি হতে হবে সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর অংশীদারত্ব। কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারদের পর্যাপ্ত তথ্য ও সময় না দিয়ে এমন হটকারী সিদ্ধান্ত নেওয়া ফিফার প্রশাসনিক কাঠামোর ওপর আস্থা সংকট তৈরি করে।

অন্যদিকে, এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ফিফার এই একতরফা পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার এশিয়ার ৪৭টি সদস্য দেশকে দেওয়া এক চিঠিতে তিনি ফিফার এই যোগাযোগহীন আচরণকে ‘একদমই গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দেন। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফার এমন খামখেয়ালিপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি, “একইসঙ্গে এই প্রস্তাবনা এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে কোনো বিস্তারিত প্রশাসনিক, আর্থিক বা আইনি বিশ্লেষণও প্রকাশ করা হয়নি, যা মোটেও গ্রহণযোগ্য নয়।

তার ওপর, এএফসি গভীরভাবে উদ্বিগ্ন যে ফিফার এমন একতরফা সিদ্ধান্ত মহাদেশীয় ফুটবলের মূল ভিত্তিকে ক্ষুণ্ন করছে বলে মনে হচ্ছে—যা সংহতি, সহযোগিতা এবং স্বচ্ছতার ওপর প্রতিষ্ঠিত।”