বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

আজারবাইজানে চলছে বয়সভিত্তিক ফুটবলের এক অন্যরকম মহাযজ্ঞ। প্রচলিত নকআউটের চেনা ছক ভেঙে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের আসরে গ্রুপপর্ব শেষে কোনো দলেরই বিদায় নেওয়ার সুযোগ নেই। 

সেখানে প্রতিটি দেশকে শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ করে দেওয়ার এই প্রতিযোগিতায় এবার প্লেট পর্বে নিজেদের মেলে ধরলেন বায়েজিদ-রাতুলরা। নির্ধারিত সময়ের লড়াই ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারের স্নায়ুচাপ জয় করে সিশেলসকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয়ের স্বাদ নেওয়ার পাশাপাশি ১২৯ থেকে ১৪৪তম স্থান নির্ধারণী টায়ার-ই-এর পরবর্তী ধাপে পা রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের শুরুটা অবশ্য এতটা মসৃণ ছিল না। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই পর্ব শুরু করার পর পর্তুগালের কাছে ৩-১ ব্যবধানে হার এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্রয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল দলটি। পরে গ্রুপপর্বের শেষ দিনে বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলের হার মানসিকভাবে ধাক্কা দিলেও ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল তারা। 

গ্রুপপর্বের সেই লড়াকু মানসিকতাই এবার প্লেট পর্বে শেষত্রিশের লড়াইয়ে দারুণভাবে কাজে লাগাল বায়েজিদরা। বাকুর মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচের ২৮তম মিনিটে রাতুলের দুর্দান্ত এক গোলে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় বাংলাদেশ। তবে শেষ মুহূর্তের নাটকে সিশেলস সমতা ফিরিয়ে ম্যাচটিকে টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত সেখানে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৮৯টি দলের অংশগ্রহণে মোট ৯৪০টি ম্যাচের এই বিশাল প্রতিযোগিতায় দলগুলোর লড়াই এখন চূড়ান্ত ধাপের দিকে এগোচ্ছে। সিঙ্গাপুর ও ইউএস ভার্জিন আইল্যান্ডস ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামীকালই শেষ ষোলোর লড়াইতে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৩০ অক্টোবর পর্দা নামতে চলা এই বিশ্ব আসরে টায়ার-ই-এর এই প্লেট পর্বের জয়ী দল টুর্নামেন্ট শেষ করবে ১২৯তম স্থানে থেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত