ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান এলাকার মোল্লাডাঙ্গী গ্রামে নেশার টাকার দাবিতে মাদকাসক্ত ছেলের মারধরে সাহেলা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাহেলা আক্তার মোল্লাডাঙ্গী গ্রামের মৃত আকবর হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেলা আক্তারের ছেলে আব্দুর রহিম (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন তিনি মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। তবে সাহেলা আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম তার মায়ের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত সাহেলা আক্তার বাড়ির উঠানে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত আব্দুর রহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা সাহেলা আক্তারকে উদ্ধার করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত আব্দুর রহিম এর আগেও ২০১৬ সালে তার সৎ মাকে একইভাবে মাথায় আঘাত করে হত্যা করেছিলেন। ওই মামলায় তিনি প্রায় পাঁচ বছর কারাভোগের পর মুক্তি পান। মুক্তির পর এবার আপন মাকেই হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুকান্ত কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিটও কাজ করছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।