দেড় বছর পর ক্যাম্পে জিমি!

‘বয়স বেশি’ এই অজুহাতে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়নি রাসেল মাহমুদ জিমিকে। তবে প্রায় দেড় বছর পর যকের ধন সেই জিমিকেই ডাকা হলো এশিয়ান গেমসের ক্যাম্পে। গত বছর ফেব্রুয়ারিতে আগের অ্যাডহক কমিটি কুপার টেস্টে বাদ দিয়েছিল তাকে। নতুন অ্যাডহক কমিটি এসে সেই জিমিকে এশিয়ান গেমসের ক্যাম্পে ডেকেছে।

বৃহস্পতিবার নির্বাচক কমিটির সদস্য আরিফুল হক প্রিন্স ক্যাম্পে ছয়জনকে নতুন করে ডাকেন। যার মধ্যে একজন জিমি। বাকিরা হলেন আবু সাঈদ নিপ্পন, নাইম উদ্দিন, শিশির, পুস্কর ক্ষিসা মিমো ও শহিদুল হক সৈকত। এশিয়ান গেমসের জন্য আগেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। যেখানে ছিলেন ৩২ জন। এখন এই ছয়জনকে নিয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৮ জনে। আজই নতুন ডাকা ছয়জনের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। দলের দায়িত্ব নিতে খুব শিগগিরই আসছেন জার্মান কোচ গেরহার্ড পিটার। প্রিন্স বলেন, ‘সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের এই মেলবন্ধন এশিয়ান গেমসে বাংলাদেশকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’

২০০৩ সালে যাত্রা শুরু করা ৩৯ বছর বয়সী জিমির বর্তমানে আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ১৯৪টি। অন্তত ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা তার। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে। জিমি বলেছেন, ‘এবারও এশিয়ান গেমসের চূড়ান্ত দলে সুযোগ পেলে এটাই হবে আমার ক্যারিয়ারের শেষ এশিয়ান গেমস।’