ভোলার বোরহানউদ্দিন থানার পুলিশের বিশেষ অভিযানে সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি মো. মোজাম্মেল হকের ছেলে মো. বাচ্চু মিয়া। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার নুর মিয়ারহাট এলাকায়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২৯ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে র্যাব-১-এর সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর থানার মামলা নম্বর-১২(৮)/২০১১ এবং দায়রা মামলা নম্বর-২৫৯/১১-এ দণ্ডবিধির ৩৮৫ ও ৫০৬ ধারায় আদালত মো. বাচ্চু মিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় আরও একটি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে ভোলা জেলা পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।