খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহানের ছেলে। 

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।