দেশে কোন অবস্থাতেই যাতে স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না হয় সেই দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার নবাবগঞ্জ উপজেলায় কয়েকটি কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির বরাদ্দ থেকে দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগীসহ অনেকে।
মন্ত্রী ডা. জাহিদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই যে সংগ্রাম গত ১৭ বছর চলেছে ২৪ জুলাই আগস্ট হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখি এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাই আমাদের কথাবার্তা আচরণ ভাব ভঙ্গি প্রত্যেকটা জিনিস গণতান্ত্রিক করি তাহলেই দেখবেন দেশ আগামী দিনে গণতন্ত্র থাকলে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকবে।
এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন এবং বৃক্ষরোপন করেন।