হামাসকে নিরস্ত্রীকরণ ইস্যুতে ইসরায়েলের ভূমিকায় সন্তুষ্ট ট্রাম্প

হামাসকে অস্ত্র মুক্ত করার পরিকল্পনা নিয়ে ইসরায়েল অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে একটি যৌথ ‘বুঝাপড়া’ তৈরি হয়েছে এবং এ বিষয়ে দেশটির ভূমিকা প্রশংসনীয়।

সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, একসময় অধিকাংশ বিশ্লেষকই মনে করতেন এই চুক্তি বাস্তবায়ন করা একপ্রকার অসম্ভব। চুক্তি বাস্তবায়নের পথে নানা চড়াই-উতরাই ও জটিলতা আসতে পারে স্বীকার করে নিয়ে তিনি যোগ করেন, ওই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংবেদনশীল।

এই অর্জনকে একটি বড় ধরনের যুগান্তকারী সাফল্য হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর আগে কেউ ভাবতেও পারেনি যে হামাসকে এভাবে নিরস্ত্রীকরণ করা সম্ভব হবে। 

ট্রাম্পের মতে, গত ৪-৫ মাস আগের পরিস্থিতির দিকে তাকালে এই ধরনের সমঝোতা কল্পনাতীত ছিল। এই অগ্রগতি স্পষ্ট করে দেয় যে ইরানের ওপর চাপ সৃষ্টির নীতি কতটা সফল হয়েছে। 

তিনি আরও দাবি করেন, এটি পুরো মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি বিশাল পদক্ষেপ, যা বিশ্বজুড়ে সবাইকে একই সঙ্গে যেমন চমকে দিয়েছে, তেমনি ব্যাপকভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করেছে।

সূত্র: আল-জাজিরা