এনসিপির মিছিলে হামলা: জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা এমপি আতিকের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দলের আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান ড. আতিক মুজাহিদ। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি ব্যক্ত করেন।

ড. আতিক মুজাহিদ জানান, গত বুধবার জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এক ‘জুলাই যোদ্ধার’ চোখ উপড়ে ফেলার ঘটনার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি শেষে ফেরার পথে দলের আরেক সদস্যের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হলে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, প্রতিপক্ষের এই হামলায় এনসিপির প্রায় ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের ইতিমধ্যেই শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ এনসিপি ও জামায়াতের জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।