গাইবান্ধার সুন্দরগঞ্জে এনসিপির একটি বিক্ষোভ মিছিলে ‘ধর ধর শিবির ধর’ স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এনসিপির কয়েকজন নেতা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় মাইকে স্লোগান দেওয়া হয়, “আমার ভাইয়ের ওপর হামলা কেন? ইনকিলাব ইনকিলাব, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর শিবির শিবির ধর, ইনকিলাব।” স্লোগান দেওয়ার কিছুক্ষণ পর মাইক বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখা। বিবৃতিতে নেতারা দাবি করেন, গত ২৮ জুলাই মিছিল চলাকালে হঠাৎ করেই শিবিরকে লক্ষ্য করে ওই স্লোগান দেওয়া হয়। শুক্রবার ভিডিওটি প্রকাশ পেলে তা বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ ঘটনার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে দলটির জেলা ও উপজেলা নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
