বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাজাহানপুর থানার বনানী বাসস্ট্যান্ড সংলগ্ন এস.আর. পার্সেল সার্ভিসের মূল গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) শামীম আহমেদের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-চ-১৩-৬৬২০ নম্বরের একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় মাইক্রোবাসে থাকা পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকার উত্তর বড় দিঘসাইল গ্রামের বাসিন্দা মো. নাজমুলকে (৩৮) আটক করা হয়।
পরে তার হেফাজত তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানায়, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।