বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি হচ্ছেন সালাউদ্দিন

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানে অনুষ্ঠিতব্য সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সভাপতি পদে একমাত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদের সমান বা কম হয়, তাহলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে ওই প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। সেই প্রক্রিয়াতেই আনুষ্ঠানিকভাবে আরও একটি মেয়াদের জন্য সাফ সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন সালাউদ্দিন।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। এতদিন সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সী কেউ নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারতেন না। তবে গত বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা বাতিল করা হয়। ফলে নতুন মেয়াদেও সভাপতি পদে থাকার সুযোগ পান কাজী সালাউদ্দিন।

এদিকে, এবার প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটিতে জায়গা পাচ্ছেন বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে তিনি কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, সাফের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির আরেক সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

কংগ্রেসে আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আঞ্চলিক সংস্থায় কাজী সালাউদ্দিনের নেতৃত্বের ধারাবাহিকতা আরও এক মেয়াদে অব্যাহত থাকবে।