বিশ্বের সবচেয়ে কম সময়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠো কে-পপ ব্যান্ড বিটিএস। দলটির অন্যতম সদস্য জিমিনের ব্যবহৃত একটি শার্ট বিক্রি হয়েছে কোটি টাকায়। ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এক দাতব্য নিলামে জিমিনের পরা ওই শার্টের দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজনে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক অনলাইন নিলামটি এক সপ্তাহ ধরে চলে। বুধবার শেষ হওয়া এই নিলামে বিভিন্ন দেশের তারকা খেলোয়াড় ও সংগীতশিল্পীদের ব্যবহৃত স্মারক বিক্রি করা হয়। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া দুটি স্মারকের মধ্যে ছিল বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত ম্যাচ বল এবং বিটিএস সদস্য জিমিনের পরা শার্ট। দুটির দামই সমান ১ লাখ ১০ হাজার ডলারে পৌঁছায়।
নিলামে বিটিএস সদস্যদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী ব্যাপক আগ্রহ তৈরি করে। ব্যান্ডটির বিভিন্ন স্মারক মিলিয়ে মোট ৩ লাখ ৩০০ ডলার আয় হয়েছে, যা পুরো নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ। বিটিএসের অন্য সদস্যদের ব্যবহৃত সামগ্রীর মধ্যেও ছিল বড় অঙ্কের মূল্য। ভির স্কার্ফ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ ডলারে, জাংকুকের জ্যাকেট ৪৬ হাজার ২০০ ডলারে, সুগার প্যান্ট ৩৩ হাজার ডলারে, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে, আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলারে এবং জিনের বেল্ট বিক্রি হয়েছে ১৬ হাজার ৫০০ ডলারে।
এ ছাড়া ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। সংগীতশিল্পী ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে। ২৪টি দেশের ক্রেতারা এতে অংশ নেন।