চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২৭ গ্রাম ওজনের ৯টি সোনাপিণ্ডসহ তামিম আনসারি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস ইন্টেলিজেন্স, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) প্রতিনিধি দল।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইট (জি ৯-৫২৬) অবতরণের কাস্টমস হলের গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়।
বিমানবন্দরের প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
আটক তামিম আনসারীর পাসপোর্ট নম্বর জিএ ৮০৬২৮৪। তার বাড়ি ভারতের তামিল নাডুর চেন্নাই শহরের বাসিন্দা।
প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে উক্ত যাত্রীকে তল্লাশি করে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ পেস্ট আকারে লুকিয়ে বহন করা অবস্থায় ৯টি সোনাপিণ্ডের টুকরা উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি দল। উদ্ধার করা সোনার বাজার মূল্য আনুমানিক ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। উদ্ধার করা সোনার চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই সঙ্গে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াও চলমান এবং মামলা শেষে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।