চলতে চলতে হোঁচট খেল ‘জন নায়াগন’

দক্ষিণী তারকা ও নব্য মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ নিয়ে মুক্তির আগে দফায় দফায় জটিলতা তৈরি হলেও মুক্তির পর সফলভাবেই চলছিল। কিন্ত চলতে চলতেই হঠাৎ করে আবার বিতর্কে জড়িয়ে পড়ল। কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুকে কেন্দ্র করে কর্ণাটকের একাধিক প্রেক্ষাগৃহে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমাটির প্রদর্শনী। 

ভারতীয় গণমাধ্যমের খবর, কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে চলমান বিরোধ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এরই প্রভাব পড়েছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়াগন’র ওপর। পরিস্থিতির অবনতি হওয়ায় কর্ণাটকের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির নির্ধারিত প্রদর্শনী বাতিল করা হয়েছে। 

জানা গেছে, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির নির্দেশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ‘জন নায়াগন’র প্রদর্শনী স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে কয়েকটি কন্নড়পন্থী সংগঠনও সিনেমাটির প্রদর্শনীর বিরোধিতা করেছে। 

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বেঙ্গালুরুর কয়েকটি প্রেক্ষাগৃহ থেকে বিজয়ের সিনেমার পোস্টার ও প্রচারণার ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। কোথাও কোথাও ‘জন নায়াগন’র পোস্টারের ওপর অন্য সিনেমার পোস্টার লাগানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। 

সম্প্রতি কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি কর্ণাটককে আগামী ১৫ দিন প্রতিদিন তিন হাজার ৫০০ কিউসেক পানি তামিলনাড়ুর দিকে ছাড়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে কর্ণাটকের কৃষক ও কন্নড়পন্থী বিভিন্ন সংগঠন। তাদের দাবি, রাজ্য নিজেই তীব্র পানি সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে অন্য রাজ্যে পানি ছাড়লে স্থানীয় কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। 

এদিকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার আইনি পদক্ষেপ নেবে। অন্যদিকে তামিলনাড়ু সরকার তাদের ন্যায্য পানির অংশ নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে।