আগের দিন ঢাকায় এসেই শনিবার বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জার্মান পিটার গেরহার্ড। প্রথম দিনেই অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির ভূয়সী প্রশংসা করলেন এই জার্মান। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলনে যোগ দিয়ে ৩৯ বছর বয়সী জিমিকে তিনি আখ্যা দেন ‘বাংলাদেশের হকির প্রিন্স’ এবং ‘বাংলাদেশের মেসি’ হিসেবে।
জিমির খেলার বিশেষত্ব তুলে ধরে গেরহার্ড বলেন, তরুণ বয়স থেকেই তিনি এই ফরোয়ার্ডকে দেখে আসছেন। তাঁর কোচিং জীবনে সবচেয়ে কঠিন স্বভাবের দুই খেলোয়াড় ছিলেন ভারতের ধনরাজ পিল্লাই ও বাংলাদেশের জিমি। তবে মাঠে জিমির প্রভাব নিয়ে তিনি বলেন, ‘পুরো ম্যাচজুড়ে একই ছন্দে খেলার প্রয়োজন নেই, কয়েক মিনিটের দুর্দান্ত নৈপুণ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তাঁর (জিমি)।’
অন্যদিকে গেরহার্ডের প্রশংসায় আপ্লুত জিমিও। জাতীয় দলে ফিরে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য পূরণের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘কোচ চূড়ান্ত দলে রাখলে সেই মাইলফলক স্পর্শ করার চেষ্টা করব।’ একই সঙ্গে গেরহার্ডকে আবার কোচ হিসেবে পাওয়াকে দলের জন্য ইতিবাচক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ক্যাম্পে থাকা ৩৮ খেলোয়াড়ের জন্য প্রথমবারের মতো মানসিক দক্ষতা ও চাপ মোকাবিলাবিষয়ক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। পাশাপাশি চলতি মাসেই জার্মানিতে অনুশীলন ক্যাম্প ও স্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।