দুই শিফটে এনএসইউতে ফল-২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ২০২৬ সালের ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সকাল ০৯:৩০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম শিফট, এবং দুপুর ০২:০০টা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত দুই শিফটে এনএসইউ ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি স্কুলে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য সাড়ে ৭ হাজারের মতো পরীক্ষার্থী অংশ নেয়। 

স্কুল চারটি হলো: স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। 

ভর্তি পরীক্ষা নিয়ে এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা শুধু ভালো শিক্ষা নয়, ভালো মানুষ গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দিই। আমি আশা করি, নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে। নিজেদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে তারা যেমন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে, তেমনি দেশ ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “এনএসইউ পরিবারের সবাই আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এখান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনস অফিসের পরিচালক অধ্যাপক নুরুল কবির বলেন, “ফল-২০২৬ সেমিস্টারের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।”

এসময় এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, এনএসইউ’র রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, এনএসইউ’র প্রক্টর অধ্যাপক আবদুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।