প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদান নিয়ে সুখবর

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে যোগদান করবেন।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও প্রক্রিয়াগত কারণে কিছুটা বিলম্ব হলেও ২৯ অক্টোবর তাদের যোগদান সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রণালয় জানিয়েছে, যোগদানের পর নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনের কয়েক দিন আগে ১৪ হাজার ৩৮৪ জনের চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও সরকার পরিবর্তনের পর তাদের যোগদান স্থগিত রাখা হয়।

দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় বিষয়টি পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ১০ মে সুপারিশপ্রাপ্তদের বিষয়ে পুলিশি তদন্তের নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২১ জানুয়ারি ফল প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হন। পরবর্তী মৌখিক পরীক্ষা শেষে গত ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এ নিয়োগে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন।

নিয়োগের প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিদ্যালয়গুলোর জন্য ১০ হাজার ২১৯টি এবং দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিদ্যালয়গুলোর জন্য ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত