কবিতা

সংবিগ্ন

কথা জমতে থাকে আরও, ক্যাসেটের ফিতের মতো লম্বা হয় শুধু
বলা হয় না, সংবিগ্ন হৃদয়, কেননা বোঝার আগেই সব হয়ে গেছে ধু-ধু
মনে হতে থাকে যেন পৃথিবীর সীমানা পেরিয়ে গেছ তুমি, আলেয়া যেন
আমিই বা কেন সরে এলাম, সে প্রশ্নই বা কেউ আর করল না কেন।
এমন কোনো শব্দ নেই এই জমতে থাকা কথার ব্যথা ব্যাখ্যা করতে পারে
এসব নিবিড় হয়ে আসা চুপ, ব্যাখ্যা করতে পারে না কোনো কবিতা
তবু, কোনো-কোনো রাতে, মনে হয় শান্তি নেমে আসে হৃদয়ের কাছে
তখন জোনাকির অবিরাম ওড়াউড়ি কেমন প্রশান্তি নিয়ে আসে, এখানে

সেই আলোর মতো হৃদপিণ্ড চলতে থাকে, আর কথারা কেবলই জমতে থাকে
বলা হয় না, কেননা সংবিগ্ন হৃদয়, তবু সাদা কোনো পায়রার মতো
সেসব কথারা উড়ে যেতে যায়, আকাশের ত্রস্ত নীলিমা অথবা সন্ধ্যায়,
তারপর মুক্তির আনন্দে রাতজাগা পাখির ডাকের মতো ইথারে ছড়িয়ে পড়বে।