কবিতা

দ্রাঘিমালন্ঠন 

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০২:২৫ এএম

এদিকে নালন্দাবর্ণে আঁকা একটা হৃদয়ের অধিকারী তুমি। শাওন-গহন ডাক ছেড়ে কাঁদো, সে কি বিরহবন্দনা? চোখে টানটান বিশদ আলোর ঝাড়! 

এক জন্মে কতটা গড়ালে প্রেম, বুকে স্রোতস্বিনী হাওয়াকে শীতল লাগে? যেভাবে শুকনো গাঙ জিইয়ে রাখে অভিমান আর জোছনায় জড়সড় থাকে।

সৌরপত্রে ছাওয়া এই গ্রহে তুমি কিনা হেমন্তমেঘ, আমাকে পর্যুদস্ত করো! সামনেই রেসকোর্স, হাঁটাপথে শিখা অনির্বাণ। প্রেমে-অপ্রেমে সভ্যতা নিয়ে এই গ্রহে কত শত দরবার হলো আর গেল কত দুর্গদেয়াল ধসে, রাত্রে ফুঁপিয়ে কেঁদেছে কাবুল! বলো তবে, বিষে আর বিষাদে মর্সিয়া গায় নাকি আহত পলাশী আজও?

যুদ্ধ ও ষড়যন্ত্র গছিয়ে দিয়েছে কত গণহত্যা, ফ্যাসিস্ট সমন হাতে! বলো তবে অক্ষরে মেটাল রক আমাদের প্রতিরোধ নয়? এত সব প্রতিরোধের দেশে যুদ্ধের শেষ বলে কিছু হয় নাকি?

তুমি রাজিয়া সুলতানা নাকি মিনা কুমারীর হাসি? পিছু ডাকে হৃতগৌরব; সমস্ত প্রাণপাত, জয়-পরাজয় পেরিয়ে আসা তেজী সব ঘোড়ায় সওয়ার গাজীর ভিড়ে আলাদা করে চিনবে আমায় শেষে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত