আঙুলের ফাঁকে ধীরে ধীরে
ছোট হতে থাকে দিন।
দিন যত ছোট হয়
ততই তোমার মুখ বড় হয়ে ওঠে।
তোমার কোমল হাতে দেখি ছুরি, বন্ধু,
আমার কম্পিত হাতে ছাই।
ছাইয়ের মধ্যে জমে থাকা নীরবতা
একখণ্ড সবুজ অপেক্ষা
আর অসমাপ্ত কিছু কথা—
সকলেই আজ রক্তজবার মীমাংসা হতে চায়।
অথচ হে ধোঁয়া
তাচ্ছিল্যের সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা ধোঁয়া,
তুমি জেনে রাখো—
একটি করুণ-কান্তি সূর্য
আমারই ঠোঁটে বসে অস্ত যেতে চেয়েছিল।
তুমি জেনে রাখো—
সাজিয়ে রেখেছি আমি
ফুসফুসের ভেতর এক গোলাপ বাগান।