কবিতা

রেলক্রসিংয়ের পাশে

রেলক্রসিংয়ের
পাশে ফুটপাত
তাতে দু হাঁটু
মুড়ে বসে থাকে এক 
উন্মাদ-মতো লোকটা
সদা ত্রস্ত
যেন মোবাইল নিয়ে ব্যস্ত কোনো ব্যক্তি 
কী যে কথা কয়... কার বার্তায় মৃদু হাস্য
চলে যোগাযোগ
তার শব্দের অপভ্রংশ—
তাকে ঘিরে রাখে যেন কুয়াশা
ওড়ে বাতাসে 
দ্বিধাগ্রস্ত কোনো পঙ্‌ক্তি
হেন দৃশ্যে পরাবাস্তব তার ভাবনার
মতো আকাশে ক্রমে ঘনঘোর নব বরষা
গুরুগম্ভীর সুরে বাজছে
রণহুঙ্কার যত গর্জে
মৃদু বৃষ্টি তবু ফুটপাত পানি থৈ-থৈ
এ কী বিভ্রম ঢাকা শহরে তুমি বিদ্যুৎ 
কেন চমকাও এই সুযোগে
বাজে তিনটা। তবু সন্ধ্যার মতো লাগছে এই জগতে
এই দিনটায় 
সে তো অলীক একটা মোবাইল নিয়ে ব্যস্ত...
যেন মৃদু স্বরে তাতে বলছে 
আরে মন্টু!... তোর বোন কই!... শুধু সাত ভাই!...
আহা, বেশ তো!