ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, মানুষের আস্থা সবসময় বিএনপির প্রতিই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল হিসেবে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার ও জনকল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক
উন্নয়নে দলটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
গতকাল শনিবার (১ আগস্ট) বিকেলে কেরাণীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, মানুষের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এ কারণেই জনগণের সমর্থন ও আস্থা ভবিষ্যতেও বিএনপির প্রতি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে দিয়েছিল, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড চালুর পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও
তিনি উল্লেখ করেন।
গোয়ালখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান রকিমুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক, বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।