হবিগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ সদস্যরা মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করে চট্টগ্রাম মহানগর এনসিপি। সমাবেশ শেষ করে এনসিপির নেতাকর্মীরা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে জামালখান মোড় হয়ে চেরাগী পাহাড়ের দিকে যান। মিছিল থেকে বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলটি ইউটার্ন নিয়ে পুনরায় প্রেস ক্লাবের দিকে ফেরার সময় নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জামালখান ওয়ার্ড বিএনপি নেতা শাহেদ বক্সসহ কয়েকজন নেতাকর্মী এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনের পথরোধ করেন। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মিছিলে থাকা অন্য এনসিপি কর্মীরা এগিয়ে এলে দুইপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে দুইপক্ষকে সরিয়ে দেয়।
এবিষয়ে বিএনপি নেতা শাহেদ বক্স জানান, সমাবেশে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, সে জন্য আমরা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে ছিলাম। আরিফ মঈনুদ্দিনের সঙ্গে আমরা কেবল সাধারণ কথা বলছিলাম, কিন্তু এনসিপির কর্মীরা অহেতুক উত্তেজিত হয়ে তেড়ে আসে।
এদিকে অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন বলেন, আমাদের কর্মসূচি শেষ করার পর কোনো কারণ ছাড়াই শাহেদ বক্সের নেতৃত্বে আমাকে ঘিরে ধরা হয়। তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের অজুহাতে তারা আমার পথ আটকে দেন ও উসকানিমূলক আচরণ করেন। পরে কর্মীরা এগিয়ে এলে তারা পিছু হটেন।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি।
