খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ বিবেচনা করছে সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেনÑ একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

গতকাল শনিবার বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।  প্রতিমন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর-গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন।