ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যাওয়ার এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই মাছ ধরার পর দুই ভাই পুকুরে নেমে শরীরের কাদা ধুতে যায়। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়। পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শুক্রবার রাতে মসজিদসংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।