ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

ফরিদপুরের সদরপুরে বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তুলে নিয়ে ধর্ষণের পর রাত ৩টার দিকে অসুস্থ ওই কিশোরীকে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক দুজন হলেন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)। সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।