ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুডু খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে লুডু খেলা নিয়ে বাগদিয়া বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ছেলে নীরবকে (১১) থাপ্পড় দেয় প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে প্রতিপক্ষ আবুল হোসেনের ছেলে ইয়াছিনের মাথা ফেটে যায়। এরই জের ধরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ওসি আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।