২ কোটি বৃক্ষরোপণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘ওয়ান স্টুডেন্ট-ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে অন্তত দুই কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ‘গ্রিন ক্যাম্পাস-গ্রিন এনার্জি’ উদ্যোগের মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোকে পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের রোডম্যাপও প্রণয়ন করা হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার রাজধানীর ধানম-িতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এ পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩০০টির বেশি কলেজ ও ৪০ লাখ শিক্ষার্থীকে এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করা হবে। প্রতি শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করলে বছরে ৪০ লাখ এবং পাঁচ বছরে অন্তত ২ কোটি গাছ লাগানো সম্ভব।