দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৫১ এবং হাম শনাক্ত হয়েছে ১২১ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ৮৭২ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৮৪০ শিশু। এর মধ্যে হামে ৯৬ ও উপসর্গে ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ২৯ হাজার ৬১ জন। হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৭৪ জন। এ ছাড়া হাসপাতাল
থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭ হাজার ৩৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর একজন সিলেট, একজন ময়মনসিংহ ও একজন রংপুর বিভাগের। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৯ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২৭ জন।