প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ফিওরেন্তিনার সাথে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। দলের প্রধান তারকাদের অনুপস্থিতিতে খেলা এই ম্যাচটি দিয়ে রিয়াল মাদ্রিদে নতুন অধ্যায় শুরু করলেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
লিওঁতে ছয় মাসের ধার পর্ব শেষ করে রিয়ালে ফেরা এনদ্রিক একাদশে সুযোগ পেয়েই নিজের উপস্থিতি জানান দেন। ১২তম মিনিটে প্রতিপক্ষের মার্কারকে পেছনে ফেলে বাম পায়ের নিখুঁত ফিনিশিংয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তরুণ।
রিয়ালের আক্রমণভাগের চাপ বজায় রেখে ২৪ মিনিটে ব্যবধান ২-০ করেন অ্যালেক্সিস সিরিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পিকোলির গোলে ব্যবধান কমায় ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা (২-১)।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আক্রমণাত্মক খেলা শুরু করে ফিওরেন্তিনা। ম্যাচের ৫৮তম মিনিটে ময়সে কিন গোল করে ইতালিয়ান ক্লাবটিকে ২-২ সমতায় ফেরান।
স্প্যানিশ মিডিয়ার মিশ্র প্রতিক্রিয়া
এনদ্রিকের এই পারফরম্যান্স নিয়ে স্পেনের শীর্ষস্থানীয় ক্রীড়া পত্রিকাগুলো ভিন্ন ভিন্ন বিশ্লেষণ প্রকাশ করেছে:
- স্প্যানিশ দৈনিক মার্কা সরাসরি নতুন কোচ মৌরিনহোকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছে, "মৌ, সত্যি করে বলো তো, এন্ড্রিক কি তোমাকে মুগ্ধ করতে পারছে না?" পত্রিকাটি উল্লেখ করে, দলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এনদ্রিক কঠোর পরিশ্রম করতে প্রস্তুত এবং রিয়ালে নিজেকে প্রমাণ করার একমাত্র পথ গোল করা। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে গোলকিপারের মুখোমুখি হন এবং পুরো ম্যাচে প্রেসিং চালিয়ে যান, তাতে তিনি অন্ততপক্ষে একটি সুযোগ পাওয়ার যোগ্য।
- গোল করলেও তরুণ এই স্ট্রাইকারের অতিরিক্ত তাড়াহুড়ার সমালোচনা করেছে স্প্যানিশ পত্রিকা 'এ এস'। তাদের মতে, মাঠে ভালো করার অতিরিক্ত চাওয়া থেকে এনদ্রিক কিছুটা 'নার্ভাস' ছিলেন, যার কারণে তাঁর খেলায় নিখুঁত ফিনিশিংয়ের অভাব দেখা গেছে—তবে তাঁর চেষ্টার কোনো কমতি ছিল না।
- 'মুন্দো দেপোর্তিভো পত্রিকাটি বেশ ইতিবাচক মূল্যায়ন করে জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি বা বিশ্রামের সময়ে রিয়ালের একাদশে এনদ্রিককেই ফরাসি তারকার প্রথম বিকল্প বা ব্যাকআপ হিসেবে বিবেচনা করা উচিত।
মরিনহোর সামনে নতুন চ্যালেঞ্জ
নতুন মৌসুমে স্ট্রাইকার পজিশনে তরুণ এস্পির আগমন এবং কিলিয়ান এমবাপ্পের উপস্থিতি সত্ত্বেও এনদ্রিক যেভাবে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন, তাতে কোচ হোসে মৌরিনহোর জন্য একাদশ নির্বাচন করা এক মধুর সমস্যায় পরিণত হতে যাচ্ছে।
লা লিগা মৌসুম শুরুর আগে হোসে মরিনহোর দল আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে:
১২ আগস্ট: দেপোর্তিভো লা করুনিয়া
১৬ আগস্ট: শালকে ০৪
২২ আগস্ট: এসপানিওলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ।