ব্যর্থতায় ঘরের মাঠে দুয়ো শুনলেন নেইমার

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম

নেইমার ও গাবিগোলের মতো তারকা ফুটবলাররা একাদশে থাকা সত্ত্বেও সেরা রূপ দেখাতে পারল না সান্তোস। কোপা দো ব্রাসিলের শেষ ১৬-এর প্রথম লেগের ম্যাচে রিমোর সাথে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ০-০ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দলটি। জয়ে ব্যর্থ হওয়ায় ম্যাচ শেষে নিজের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছে সান্তোসের খেলোয়ারদের।

পুরো ম্যাচে নেইমার বেশ সক্রিয় থাকলেও ব্যবধান গড়ার জন্য তা যথেষ্ট ছিল না। অন্যদিকে প্রথমার্ধে সহজ সুযোগ মিস করায় সমর্থকদের সবচেয়ে বেশি ক্ষোভের মুখে পড়েন ফরোয়ার্ড গাবিগোল। রোমাঞ্চকর এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট তিনটি শট পোস্টে লেগে ফিরে আসে।

৬ মিনিটে নেইমার ও গাবিগোলের চমৎকার পাসিং কম্বিনেশন থেকে আলভারো বারিয়াল দুর্দান্ত শট নিলেও বল গোলপোস্টে লেগে প্রতিহত হয়।

বিরতির আগে নেইমারের কর্নার থেকে লুকাস ভেরিসিমো হেড করলে তা আবার ক্রসবারে লাগে। ফিরতি বলে ফাঁকা স্থানে সহজ হেডার সুযোগ পেয়েও মিস করে বসেন গাবিগোল, আর অমনি গ্যালারি থেকে ভেসে আসে দুয়োধ্বনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে সান্তোসকে এগিয়ে নিয়েছিলেন গাবিগোল। কিন্তু সহকারী রেফারি জানান যে, নেইমারের নেওয়া কর্নার শটটি শূন্যে থাকাকালীনই বাইন্ডারি লাইন অতিক্রম করেছিল। ফলে বাতিল হয় গোলটি।

আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বেলেমের দ্বিতীয় লেগের ফিরতি ম্যাচে মাঠে নামবে দুই দল। শেষ আটে জায়গা করে নিতে এবং ৪ মিলিয়ন রিয়েল প্রাইজমানি পেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সান্তোসের। নির্ধারিত সময়ে পুনরায় ড্র হলে ম্যাচ গড়াবে সরাসরি পেনাল্টি শুটআউটে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত