ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের প্রয়াত ইংরেজি শিক্ষক কাজী আব্দুল আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ (রোববার)। দিবসটি উপলক্ষে আজ পৌরশহরের খড়মপুরে মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষী এবং ছাত্র-ছাত্রীদের মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
কাজী আব্দুল আওয়াল খাদেম ২০০৫ সালের ২ আগস্ট মাত্র ৩৭ বছর বয়সে আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার আখাউড়া উপজেলা প্রতিনিধি কাজী হান্নান খাদেমের বড় ভাই।
কাজী আব্দুল আওয়াল খাদেম একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কাছে অত্যন্ত প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত মানবিক গুণাবলিসম্পন্ন শিক্ষক ছিলেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে আস্থা ও সুনাম অর্জন করেন। একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে এলাকায় তার বিশেষ পরিচিতি ছিল। তার অকাল মৃত্যুতে সে সময় এলাকার ইংরেজি শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়।