না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন টিভি সিরিয়ালের তুমুল জনপ্রিয় অভিনেতা ভিনসেন্ট পাস্তোরে। শনিবার (১ আগস্ট) নিউইয়র্কের ব্রঙ্কসে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে মার্কিন শোবিজে নেমে এসেছে শোকের ছায়া।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে তাঁর কোনো খোঁজ না পেয়ে এক প্রতিবেশী বাসায় গিয়ে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রথমে 'ডেডলাইন' তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে। পরে অভিনেতার প্রতিনিধিরাও বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তবে তাঁর দীর্ঘদিনের ম্যানেজার রবার্ট অল্টম্যান নিশ্চিত করেছেন, পাস্তোরে নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোক প্রকাশ করে রবার্ট অল্টম্যান বলেন, ভিনসেন্ট পাস্তোরে ছিলেন অত্যন্ত উদার ও আন্তরিক মানুষ। তিনি ভক্তদের কখনো নিরাশ করতেন না এবং নতুন শিল্পীদের সবসময় উৎসাহ ও সহযোগিতা করতেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ।
১৯৯৯ সালে এইচবিওর কালজয়ী সিরিজ ‘দ্য সোপ্রানোস’–এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ভিনসেন্ট পাস্তোরে। এরপর ‘গুডফেলাস’, ‘মেন অব রেসপেক্ট’, ‘গোত্তি’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘দ্য প্র্যাকটিস’ এবং ‘হাওয়াই ফাইভ-০’–সহ অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন তিনি।