ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বজ্রপাতে চা দোকানদার সহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার কুশারিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন চা দোকানদার শান্তি রানী ও সুই রাম।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, রবিবার দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে একদিনের বড় প্রাণহানি: ইতিহাস যা বলছে
বাংলাদেশে বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তিদের সংখ্যা নিয়মিত নথিভুক্ত করে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরাম (বিএফডিএফ)। প্রতিষ্ঠানটির তথ্যে একদিনে বজ্রপাতে বড় প্রাণহানির কয়েকটি ঘটনা পাওয়া গেছে। তাতে দেখা যায় যে একদিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুর ঘটনাটি ঘটেছে ২০১১ সালের ২৩ মে, ৫৮ জন। ২০১৬ সালের ১২ ও ১৩ মে দুইদিনে ৮৭ জন নিহত হয়েছিলেন। দুইদিনে ৩৩ জন নিহত হন ২০১৪ সালের ১৩ ও ১৪ আগস্ট।
এ ছাড়া ২০২১ সালের ৬ জুন ৩৭ জন, ২০১৩ সালের ৬ মে ৩৩, ২০২৪ সালের ৪ জুন ২৯, ২০১৮ সালের ১০ মে ২৯, ২০২২ সালের ১৭ জুন ২৪, ২০২৩ সালের ২৩ মে ২৩, ২০২৫ সালের ২৮ এপ্রিল ২২, ২০১২ সালের ৬ এপ্রিল ২০, ২০১৫ সালের ২ মে ১৯, ২০১৭ সালের ৯ মে ১৬, ২০১৯ সালের ৭ জুলাই ১৫, ২০২৪ সালের ৬ মে ১৫, ২০২৬ সালের ২৬ এপ্রিল ১৪ জন নিহত হন।