চুপিসারে বিয়ে সারলেন 'ডায়মন্ড দিদি' ডোনা

অনেকদিন ধরেই চলছিল চর্চা। এবার সেই চর্চাকেই বাস্তবে রূপ দিলেন কলবাতার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' খ্যাত অভিনেত্রী ডোনা ভৌমিক। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়ালেও এরপর ডোনাকে পর্দায় সেভাবে আর দেখা যায়নি। একদিকে যখন অভিনেত্রীর ফেরার অপেক্ষায় আছেন অনুরাগীরা, অন্যদিকে আরেক সুখবর নিয়ে হাজির তিনি। এবার নতুন কাজ নয়, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ডোনা। 

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ডোনা জানিয়েছিলেন প্রেমিক সায়ন্তন মুখার্জির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। দু'জনের আদুরে ছবি দেখে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগী থেকে নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছিলেন ডোনার সহকর্মীরাও। 

এবার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করলেন অভিনেত্রী। সায়ন্তনের সঙ্গে নববধূর সাজে একটি ছবি ও অন্যটি সিঁদুর দানের। লাল বেনারসি থেকে সোনার গয়না, অভিনেত্রীর সাজে ছিল ভরপুর বাঙালিয়ানা। ডোনাকে বিয়ের সাজে দেখে বেশ চমকে গেছেন অনুরাগীরা। কারণ, বাগদানের কথা প্রকাশ্যে আনলেও বিয়ের দিনক্ষণ সেভাবে জানাননি তিনি। তাই হঠাৎ করে এমন বিয়ের ছবি পোস্ট করতেই খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন নেটিজেনরা। ডোনার ওই পোস্টে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। অনুরাগী থেকে নেটিজেনরা অভিনেত্রীকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।