প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দুও ছাড় নয়

বগুড়ার উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি বলেন, সমালোচনা কিংবা বিরোধিতা করে বগুড়ার উন্নয়ন ঠেকানো যাবে না। জেলার জন্য নতুন নতুন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প আনতে তিনি এবং জেলার সাতজন সংসদ সদস্য একসঙ্গে কাজ করছেন।

রবিবার (২ আগস্ট) দুপুরে বগুড়ায় তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, যতই সমালোচনা করেন, সংসদে বলেন কিংবা বাইরে বলেন, আমি এবং বগুড়ার সাতজন সংসদ সদস্য বগুড়ার উন্নয়নের প্রশ্নে এক বিন্দুও ছাড় দিতে রাজি নই।

তিনি বলেন, এখন বগুড়ায় কোনো উন্নয়নমূলক উদ্যোগ নিলেই অনেকে মনে করেন সবকিছু বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। বাস্তবে বিষয়টি তা নয়। দেশের সব জেলাতেই উন্নয়ন হচ্ছে। তবে বগুড়ার উন্নয়ন নিয়ে বেশি আলোচনায় আসায় এমন ধারণা তৈরি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জোন অফিস বগুড়ায় অনুমোদনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, আগে এ অঞ্চলের মানুষকে রংপুরে যেতে হতো। এখন জোন অফিস বগুড়ায় অনুমোদন হয়েছে।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, রাজশাহী আমাদের বিভাগ, সেটি আমাদের গর্ব। কিন্তু নেসকোর প্রধান কার্যালয় যদি বগুড়ায় আসে, তাতে আপত্তি কেন। বগুড়ায় হেড অফিস হোক, আপনারা জোন অফিস নেন।

বগুড়ায় ফুটবল স্টেডিয়াম না থাকার বিষয়টি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ৬৪ জেলার মধ্যে বগুড়া একমাত্র জেলা, যেখানে কোনো ফুটবল স্টেডিয়াম নেই। এটি অত্যন্ত দুঃখজনক। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বগুড়ার তিনমাথা এলাকায় একটি বহুমুখী স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ফুটবলসহ বিভিন্ন খেলার আধুনিক সুযোগ সুবিধা থাকবে।

বক্তব্যের শেষদিকে প্রতিমন্ত্রী বলেন, আমি আর বক্তব্য বাড়াব না। যত বলব, ততই বগুড়ার উন্নয়নের কথা আসবে, আর লেখালেখিও বেশি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এ ছাড়া অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক তোফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, দেশের বিভিন্ন স্থান থেকে আগত সফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।