কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল ডাকাত সড়কে পেরেক লাগানো গাছ ফেলে যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতি করেছে। ওই সময় ডাকাত দলের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদল বিকাশ কর্মীদের কাছ থেকে ৫৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
রবিবার (২ আগস্ট) পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তি হলেন- মো. আরমান (২৪)। এছাড়াও আহত হয়েছেন সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সকলেরই বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে ১৪নং ব্রিজ এলাকায় পৌঁছলে ডাকাতদল অস্ত্রের মুখে বাসটির গতিরোধ করে। ওই বাসে বিকাশ কোম্পানির তিনজন বিক্রয় প্রতিনিধি (এসআর) হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে এজেন্টের কাছে টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা জানিয়েছেন, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়দের মতে, ওই সময় রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
লোকজন বলছেন, এখনই সমস্ত প্রশাসন দ্রুত যৌথ অভিযান পরিচালনা করলে ডাকাতদের আটক ও লুট করা টাকা উদ্ধার করতে পারবে।
এদিকে দিনদুপুরে মহাসড়কে এমন ডাকাতির ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাসটা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টিম রয়েছে। দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।