জুলাইয়ের শহীদ-আহতদের মর্যাদা রক্ষার দাবি চসিক মেয়রের

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং এতে অংশ নেওয়া বীরদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান ও পুনর্বাসন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২ আগস্ট) দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে ‘আমরা জুলাই যোদ্ধা’ আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে ১২টি শহীদ পরিবার এবং ১১০ জন আহত যোদ্ধাকে সংবর্ধনা দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাইয়ের অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক অর্জন ছিল না। ছাত্র, শ্রমিক, কৃষক ও নারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বজনীন অংশগ্রহণে স্বৈরাচারবিরোধী এই গণজোয়ার সৃষ্টি হয়। ফলে এ ঐতিহাসিক আন্দোলনের প্রকৃত ইতিহাস রক্ষা করা এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের সম্মান জানানো পুরো জাতির নৈতিক দায়িত্ব।

আন্দোলনের পেছনের রাজনৈতিক কৌশলের স্মৃতিচারণ করে মেয়র বলেন, শেখ হাসিনা যেন বিষয়টিকে নির্দিষ্ট কোনো দলের আন্দোলন হিসেবে চালিয়ে দিতে না পারেন, সে জন্য তৎকালীন কৌশলের অংশ হিসেবে শিক্ষার্থীদের সামনে রাখা হয়েছিল। তবে শুরু থেকেই রাজপথে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের পাশাপাশি চিকিৎসাকেন্দ্রে গুলিবিদ্ধ ও শহীদদের পাশে থাকার কথা তুলে ধরেন তিনি।

শহীদ পরিবার ও চিকিৎসকদের অবদানের কথা স্মরণ করে ডা. শাহাদাত আরও বলেন, এই আন্দোলনে জীবন উৎসর্গকারী, পঙ্গুত্ব বরণকারী কিংবা দৃষ্টিশক্তি হারানো বীরদের প্রতি রাষ্ট্রের বিশাল ঋণ রয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের মতো তাদেরও জাতির সর্বোচ্চ আসনে সম্মানিত করা উচিত। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে সকলের সহযোগিতা চান তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সম্পাদক আহমদ আব্দুল্লাহ আল সাহেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আবির এবং শহীদ ফয়সাল শান্তের বাবা। এছাড়া নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন আহত যোদ্ধা গাজী রাসেল, ওসমান কাশেমী, মো. লিটন ও সোলাইমান স্বপন। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন শহিদুল ইসলাম সজীব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত