সুনামগঞ্জ

নৌকাডুবিতে নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) সকালে মইয়ার হাওরের রোয়ারকারা এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

তারা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার বাসিন্দা হেমেন্দ্র দেবনাথ ও একই এলাকার অধীর দেব নাথ। 

এর আগে শনিবার (১ আগস্ট) সত্যেন্দ্রনাথ সতী ও অরুণ দেবনাথ নামে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতরা সবাই জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকারবাসিন্দা।

স্থানীয়রা জানায়, ৩১ জুলাই রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা দশজনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। এর মধ্যে দুইজনের মরদেহ শনিবার আর বাকি দুইজনকে রবিবার মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।