সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের মাঝখানে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক নৌ-শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিপু মিয়া নিজ বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি প্রতিবেশী এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বালু পরিবহনের নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শিপু মিয়া গুরুতর আহত হয়ে নৌকার ওপর পড়ে যান। পরে শিপু মিয়াকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, বজ্রপাতে শিপু মিয়া নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ