ওমান সরকার নির্দিষ্ট কিছু দেশের পর্যটকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা (Tourist Visa) চালু করেছে। রয়্যাল ওমান পুলিশের মহাপরিদর্শক ও কাস্টমস প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শারাইকির জারি করা সিদ্ধান্ত নং ১০৯/২০২৬-এর মাধ্যমে বিদেশি আবাসন আইনের নির্বাহী বিধিমালায় এই সংশোধন আনা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের পর (২ আগস্ট) থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
আকর্ষনীয় বিষয় হলো, এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দর্শনার্থীরা চাইলে প্রযোজ্য নিয়ম ও ফি পরিশোধ সাপেক্ষে এটিকে অন্য যেকোনো পর্যটন ভিসা ক্যাটাগরিতে রূপান্তর করতে পারবেন।
কার্যনির্বাহী বিধিমালার ধারা ১০ এবং এন্ট্রি ভিসার অফিসিয়াল শিডিউলের ধারা ২৯-এ এই নতুন ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, যেখানে এর ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন দেশের নাগরিকেরা এই ফ্রি ভিসার সুবিধা পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট তালিকা এখনো প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দেশটিতে প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও সাবলীল করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।