ইরানের সাথে যৌথভাবে হরমুজ পরিচালনার পরিকল্পনা ওমানের

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ওমান। এতে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে স্বেচ্ছা অনুদানভিত্তিক ফি আদায়ের মাধ্যমে নৌপথ পরিচালনা, পরিবেশ সুরক্ষা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার ব্যয় বহনের কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশের সমর্থনপুষ্ট এ প্রস্তাবটি গত সপ্তাহান্তে তেহরানে ইরানি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। 

সূত্রটি জানায়, ওমানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালির ওপর একক নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে না। বরং সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনার আওতায় এটি পরিচালিত হবে।

প্রস্তাবটি মালাক্কা প্রণালির আদলে তৈরি করা হয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করা এ নৌপথটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে পরিচালনা করে।

ওমানের প্রস্তাবে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ বা শিপিং কোম্পানিগুলো স্বেচ্ছায় একটি তহবিলে অর্থ প্রদান করবে। সেই অর্থ নৌ চলাচল ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন সেবা পরিচালনায় ব্যয় করা হবে।

ইরান-সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। বর্তমানে প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা যুদ্ধ-পরবর্তী সমঝোতা আলোচনার অন্যতম প্রধান জটিল ইস্যুতে পরিণত হয়েছে এবং এটি নতুন করে উত্তেজনা সৃষ্টির কারণও হয়ে উঠেছে।

ইরানের অবস্থান হলো, যুদ্ধের আগের মতো অবাধ জাহাজ চলাচলের পরিস্থিতিতে হরমুজ প্রণালি আর ফিরে যেতে পারে না। অন্যদিকে, উপসাগরীয় দেশগুলো বলছে, ইরানকে বাধ্যতামূলকভাবে কোনো ধরনের ফি পরিশোধের ব্যবস্থা তারা মেনে নেবে না।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আরাগচি আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, যৌথ কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডে’ সৃষ্ট হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতা দূর করতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত